২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধ অস্ত্রের ‘অবৈধ প্রদর্শন’, পাবনায় মেয়রপুত্র আটক

মেয়রের ভাষ্য, পেছনে অন্য ঘটনা আছে কিনা তা পুলিশকে খতিয়ে দেখতে বলেছি।

বৈধ অস্ত্রের ‘অবৈধ প্রদর্শন’, পাবনায় মেয়রপুত্র আটক

পুলিশের হাতে আটক মেয়রপুত্র কামরুল হাসান সুজয়

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 10:40 PM

Updated : 02 Mar 2023, 11:05 PM

বাবার নামে নিবন্ধিত অস্ত্র অবৈধভাবে প্রদর্শনের অভিযোগে পাবনার ফরিদপুর পৌর মেয়রের ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয় বলে ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান জানান। এ সময় পিস্তলটি জব্দও করা হয়।

আটক কামরুল হাসান সুজয়ের বাবা কামরুজ্জামান মাজেদ ওই পৌরসভার মেয়র।

খোঁজ নিয়ে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সুজয়ের সঙ্গে উপজেলার পুঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলামের বিরোধ আছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে এলে সুজয় সহযোগীদের নিয়ে ইউপি চেয়ারম্যান সাজেদুলের ওপর চড়াও হন। তখন চেয়ারম্যান পালানোর চেষ্টা করলে সুজয় পিস্তল নিয়ে তাকে ধাওয়া দেন।

এ সময় সেখানে থাকা সাজেদুলের লোকজন সুজয়কে পিস্তলসহ ধরে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মেয়র কামরুজ্জামান মাজেদের ভাষ্য, “বিষয়টি শোনার পর থানায় এসে ঘটনাটা জানার চেষ্টা করছি। পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা পুলিশকে তা খতিয়ে দেখতে বলেছি।”

এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।