ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
ছিনতাইকারীরা গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার ভোরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাতেম আলী ভূইয়া জানান।
নিহত ২২ বছর বয়সী নাইম ইসলাম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে।
এ ঘটনায় আহত আরেক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই বলেন, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় যাত্রা বিরতি দিলে পেছনের দুই বগি থেকে দুই যুবক নামলে ছিনতাইকারীরা তাদের ছুরি ধরে।
এ সময় নাইম তার সঙ্গে থাকা জিনিসপত্র দিতে অপরাগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নাইম মারা যায়।
লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই হাতেম।
