২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর হত্যা: পাবনায় ৫ জনের যাবজ্জীবন

সাজার পাশাপাশি বিচারক আসামিদের এক লাখ টাকা করে জরিমানাও করেছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 03:25 PM

Updated : 10 Oct 2022, 03:33 PM

পাবনার আটঘরিয়ায় রাজেদা খাতুন ওরফে রাজন নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় পাঁজজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- আটঘরিয়ার গোপালপুর গ্রামের রমজান আলী ছেলে ইদ্রিস আলী (৪০), আবু বকর শেখের ছেলে লিটন শেখ (২৯), তামেজ শেখের ছেলে আব্দুল্লা মেম্বর (৩৩), তজিম উদ্দিনের ছেলে খোয়াজ শেখ (৪০) ও আব্দুস সালাম শেখের ছেলে আজমত শেখ (৩২)।

রায় ঘোষণার সময় আব্দুল্লাহ মেম্বর ছাড়া বাকি আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আব্দুর রকি জানান, যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাদের এক লাখ টাকা করে জরিমানাও করেছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ৮ সেপ্টেম্বর রাজেদা খাতুনকে বাড়িতে রেখে তার ছেলে পাশের গোপালপুরের কাজিরহাটে যায়। রাতে বাড়িতে ফিরে মাকে বাড়িতে দেখতে না পেয়ে নানা বাড়ি গেছে বলে ভাবে। রাতের মধ্যে মা বাড়িতে ফিরবে মনে করে সে খাবার খেয়ে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে সে।

পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে মা তখনও বাড়িতে ফেরে নাই। তখন সে তার মামা বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। এরপর আত্মীয় স্বজন অনেক খোঁজাখুজি করলেও রাজেদার কোনো সন্ধান মিলছিলো না। ঘটনার তিনদিন পর প্রতিবেশীর হলুদের ক্ষেত থেকে রাজেদার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই সিদ্দিক প্রামাণিক বাদি হয়ে ঘটনার চারদিন পর ১২ সেপ্টেম্বর আটঘরিয়া থানায় সাতজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় জিন্নাহ আলী ও আবু বকর সিদ্দিক নামের দুজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।