২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, বাইকে আগুন,ভাঙচুর

ম্যাজিস্ট্রেট বলেন, খারাপ পরিস্থিতি তৈরি হলে পুলিশ তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, বাইকে আগুন,ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 09:28 PM

Updated : 03 Sep 2022, 09:28 PM

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রামনাথ ও বৈশাখী মোড়ে এ ঘটনা ঘটে বলে রুহিয়া থানার পরিদর্শক সোহেল রানা জানান।

Image

আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল

সোহেল রানা বলেন, “শনিবার বিকালে বিএনপি ও মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ-সমাবেশের ডাক দেয়। কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন।”

তিনি বলেন, “বিকাল ৪টার দিকে কর্মসূচি শেষ করে বিএনপির নেতাকর্মীরা ফিরতে থাকেন। এ সময় মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। রামনাথ ও বৈশাখী মোড়ে দুই দলের নেতাকর্মীদের দেখা হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।”

এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সাংবাদিক আব্দুল লতিফ লিটুসহ দুই দলের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হন বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

“এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ও কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।”

Image

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ

রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর ভাষ্য, “মহিলা লীগের আয়োজনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আমাদের বিক্ষোভ দেখে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।”

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, “সভাস্থল থেকে ফিরে যাওয়ার সময় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ছাড়া জেলা বিএনপির নেতা আনসারুল হককে কুপিয়ে জখম করে তারা।”

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিল সূচি বলেন, “হঠাৎ করেই একটি খারাপ পরিস্থিতি তৈরি হলে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

ঠাকুরগাঁওয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা