ঠাকুরগাঁওয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা
মাইকিং করে রুহিয়া বাজার ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় বিএনপি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এ আদেশ জারি করেন। তারপর ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়।
শাহরিয়ার রহমান বলেন, “মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রুহিয়া থানা এলাকার রুহিয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ৩টার দিকে রুহিয়া থানা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বান করে।
অন্যদিকে একই দিন ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ ও প্রচারপত্র বিলির কর্মসূচি আহ্বান করে।
রুহিয়া থানা বিএনপির আহ্বায়ক আনসারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনের কাছ থেকে বিক্ষোভ কর্মসূচির অনুমতিও নেওয়া হয়েছে। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের নামে আওয়ামী লীগ সেই কর্মসূচি পণ্ড করতে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছে।
রুহিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাশারুল ইসলাম সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড করার উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করা হয়নি। আগে থেকেই কর্মসূচির পরিকল্পনা ছিল।
তিনি আরও বলেন, “বিএনপি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিক্ষোভের ডাক দিয়েছে। এখন প্রশাসন থেকে যেহেতু ১৪৪ ধারা জারি করা হয়েছে সেক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা অবশ্যই আমরা মেনে চলব।
রুহিয়া থানার ওসি সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪৪ ধারা যাতে কেউ ভাঙতে না পারেন, সেজন্য পুলিশ সতর্ক থাকবে। এরই মধ্যে রুহিয়া বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
