শার্শায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ওটি সিলগালা
নিহতের স্বামী বলেন, অপারেশন থিয়েটারে অজ্ঞান করার কোনো চিকিৎসক ছিলেন না; ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
যশোরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে; পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ হাসপাতালটির অপারেশন থিয়েটার বন্ধ করে দেয়।
শার্শার বাগ আঁচড়া বাজারের আল-মদিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোববার এ ঘটনা ঘটে বলে বাজারের পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কাজী শহিদুল ইসলাম জানান।
মৃত নাসরিন আক্তার (২০) যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের রিপন হোসেনের স্ত্রী।
রিপন হোসেনের অভিযোগ, রোববার সকালে ওই হাসপাতালে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রোপচার হয়। শিশুটি সুস্থ থাকলেও অস্ত্রোপচারের পরপরই তার স্ত্রীর অবস্থা খারাপ হতে থাকে। তখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে প্রসূতির মৃত্যু হয়।
“অপারেশন করেন ডা. মমতাজ মজিদ। ওই সময় অপারেশন থিয়েটারে [ওটি] অজ্ঞান করার কোনো চিকিৎসক ছিলেন না। ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে; আমি এর বিচার চাই।”
এদিকে, খবর পেয়ে রাতে যশোরের সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলি ও ওসি কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ সময় ইউসুফ আলি বলেন, “ওই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা [বন্ধ] করা হয়েছে; প্রসূতি মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের হাসপাতাল বা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে,” বলেন ইউসুফ আলী।
ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান বলেন, “ওই রোগীর হার্টে সমস্যা ছিল, তাই এমনটি হয়েছে।”
এর বাইরে তিনি কিছু বলতে রাজি হননি।
