হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ২৩৮ জনের নামে মামলা
মামলায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান করে ৮৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
হবিগঞ্জ সদরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৩৮ নেতা-কর্মীর নামে মামলা করেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা।
শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি বাদী হয়ে মারামারি ও বিস্ফোরক আইনে মামলাটি করেন বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. বদিউজ্জামান জানান।
মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান করে ৮৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বরাতে ওসি মো. বদিউজ্জামান বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গত ২০ অগাস্ট জেলা শহরের বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলটি শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গেলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়।
পরে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দুপক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এতে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- হবিগঞ্জ জেলা বিএনপির নেতা মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সিতু, বিএনপি নেতা আব্দুল গফ্ফার, গোলাম মওলা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্যসচিব এমদাদুল হক ইমরান, যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলজার আহমেদ খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মোজাক্কির হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জ্যেষ্ঠ সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজসহ অন্যরা।
আরও পড়ুন:
