২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে চোরাচালান মামলায় চারজনের যাবজ্জীবন

২০০৭ সালে আসামিরা সীমান্ত দিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামা ভারতে পাচার করছিলেন বলে জানান পিপি।

জয়পুরহাটে চোরাচালান মামলায় চারজনের যাবজ্জীবন

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 08:30 PM

Updated : 17 Aug 2023, 08:30 PM

জয়পুরহাটে চোরাচালানের মামলার দুটি ধারায় চারজনকে ‘ডাবল’ যাবজ্জীবন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিশেষ  ট্রাইব্যুনালের বিচারক আব্বাস উদ্দীন আসামিদের উপস্থিতিতে এ ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

দণ্ডিতরা হলেন- পাঁচবিবি উপজেলার চক শিমুলিয়া রতনপুর গ্রামের আমিনুল ইসলাম (৪৬), সায়েদুর রহমান (৫২), ওবায়দুল (৫০) এবং রইচ উদ্দীন (৪৯)। এ ছাড়া মামলার আরও তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, আসামিরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চুরি করে তার মূল্যবান তামা বিক্রি করতেন।

তিনি বলেন, ২০০৭ সালের ১৯ জানুয়ারি ওই উপজেলার রামভন্দ্রপুর সীমান্ত দিয়ে আসামিরা তামা ভারতে পাচার করছিলেন। এ সময় খবর পেয়ে ধাওয়া করে ৫৩ কেজি তামাসহ তাদের গ্রেপ্তার করে বিজিবি।

এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা করে বিজিবি। এরপর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কাজ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে মামলার দুটি ধারায় আদালত চার আসামিকে ‘ডাবল’ যাবজ্জীবন এবং প্রত্যেকেই ২০ হাজার টাকা করে জরিমানা করে; যদিও একটি যাবজ্জীবন কার্যকর হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।