২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধিপত্য বিস্তারের সংঘর্ষে নারায়ণগঞ্জে আহত ১০

আধিপত্য বিস্তারের পুরোনো দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ, পুলিশ জানায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 06:53 PM

Updated : 30 Nov 2023, 07:32 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় এ ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বলে সোনারগাঁ থানার ওসি মাহবুবুল আলম জানান।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷

সোনারগাঁ থানার ওসি মাহবুবুল আলম বলেন, “আধিপত্য বিস্তারের পুরোনো দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বারদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান গণি ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী শুক্কুর মাহমুদের দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি সে দ্বন্দ্ব আরও বেড়েছে৷

সকালে প্রথমে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়৷ পরে ওসমান গণি তার সহযোগী জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি জাকারিয়ার লোকজনকে নিয়ে শুক্কুরের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ সময় উভয়পক্ষের হাতে টেঁটা, বল্লম, রামদা ও লাঠিসোটা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বারদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, “নুনেরটেক চরাঞ্চল হওয়াতে আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষ হয়৷ বুধবার রাতে দুই দলের তর্কবিতর্কের খবর আমি পেয়েছিলাম৷ আমি তাদের এ নিয়ে ঝামেলা না করার পরামর্শও দিয়েছিলাম৷ কিন্তু সকালে শুনি মারামারিতে কয়েকজন আহত হইছে৷”

এ বিষয়ে জানতে চাইলে শুক্কুর মাহমুদ বলেন, “ওসমান গণি এমন কোন অপরাধমূলক কাজ নেই যে, করে না৷ বুধবার রাতেও গ্রামের কয়েকজনকে অকারণে ‘মারধর’ করে গণি ও তার সহযোগী জাকারিয়ার লোকজন৷ এ নিয়ে প্রতিবাদ করলে আবারও গ্রামবাসীর ওপর হামলা করে তারা।

“আমাদের উপর হামলা করে উল্টো আমাদের নামেই নাকি মামলা করবে বলে এখন শুনতেছি৷’

এদিকে ইউপি সদস্য ওসমান গণি পাল্টা অভিযোগ করেছেন শুক্কুরের লোকজনের বিরুদ্ধে। তিনি বলেন, “আমার লোকজনের উপর হামলা চালিয়েছে শুক্কুর মাহমুদের অনুসারীরা। আমার সঙ্গে নির্বাচনে পরাজিত হয়ে আমার নামে নানাকিছু বলে বেড়ায় সে।”