২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ

রাত থেকে অভিযান চালিয়ে পুলিশ নয়জনকে আটকের তথ্য দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 12:42 PM

Updated : 28 Sep 2026, 12:53 PM

চট্টগ্রামের বাকলিয়ায় ‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইনে রোববার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর অভিযানে নেমে পুলিশ নয়জনকে আটকের তথ্য দিয়েছে। ওই অভিযান এখনও চলছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মুরাদ ও জসীম বাহিনীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জসীমসহ নয় জনকে আটক করা হয়েছে। সকাল থেকে আবার অভিযান চলছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা নিয়ে সড়কের ওপর দুই পক্ষ অবস্থান নেয়। একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এসময় কয়েকটি গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয়রা বলেছেন, এলাকার ‘জায়গা দখল, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে’ মুরাদ ও জসীমের মধ্যে পুরানো দ্বন্দ্ব ছিল।

এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের ঘটনায় উভয় পক্ষ বেশকিছু হাততবোমা ফাটিয়েছে এবং গুলিও ছুড়েছে।

সহকারী কমিশনার সাজ্জাদ বলেন, “এই দুই পক্ষের মধ্যে মাদক ব্যবসার আধিপত্য, জায়গা দখলসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল বলে আমরা জেনেছি। রাতে দুই পক্ষের সংঘর্ষের মূল কারণ জায়গা দখল নাকি মাদক ব্যবসার আধিপত্য সেটা খতিয়ে দেখছি।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, ভিডিওতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

“রাতভর সেখানে আমরা অভিযান চালিয়েছি। গুলি চলার কথা বলা হলেও সে ধরনের আলামত পাইনি। বিষয়টি আবার আমরা খোঁজ নিচ্ছি।”