দুইবার লাইনচ্যুত হয়ে ক্যাটল স্পেশাল ট্রেন আটকে ছিল ১১ ঘণ্টা
লাইনচ্যুত বগিটি ছাড়াই বেলা ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা আসার পথে ময়মনসিংহে দুই দফা লাইনচ্যুত হয়েছে ক্যাটল স্পেশাল ট্রেন।
দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসার পর শনিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। পিছিয়ে গিয়ে রোববার সকালে রওয়ানা হবার পর ৮টার দিকে একই জায়গায় আবারও লাইনচ্যুত হয় সেটি।
তাতে সব মিলিয়ে ১১ ঘণ্টা ওই এলাকায় আটকে থাকে ক্যাটল স্পেশাল ট্রেনটি। শেষ পর্যন্ত লাইনচ্যুত বগিটি রেখেই বেলা ১১টার দিকে ঢাকার পথে ট্রেনটি রওনা হয় বলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার নাজমুল হক খান জানান।
তিনি বলেন, রোববার রাতে গরু বোঝাই ক্যাটল স্পেশাল ট্রেন-২ ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। ট্রেনটি রাত ১২টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের বাঘমারা এলাকায় পৌঁছে লাইনচ্যুত হয়। পরে ভোররাত ৫টার দিকে সেটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়।
ট্রেনটি সকাল ৭টা ৫০মিনিটে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেই আগের জায়গায় যেতেই আবারও লাইনচ্যুত হয়।
নাজমুল হক খান জানান, লাইনচ্যুত বগিটি ছাড়াই বেলা ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ওই বগিতে থাকা গরুগুলো ভিন্ন ব্যবস্থায় ঢাকায় পাঠানো হবে।
ঈদুল আজহা উপলক্ষে জামালপুর থেকে ঢাকা তিনটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এসব ট্রেনে করে রাজধানীতে আনা হবে কোরবানির পশু। জেলার ইসলামপুর ও মেলান্দহ স্টেশন থেকে ছাড়ছে এসব ট্রেন।
