গাজীপুরে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুই পুলিশ সদস্য আহত
সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভে নামা শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গিয়ে তাদের ছোঁড়া ইটের আঘাতে আহত হয়েছেন শিল্প পুলিশের দুই কর্মকর্তা।
শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এএসপি এবং একজন পরিদর্শক আহত হন।
জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১০টার দিকে এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করে। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
“এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।”
এএসপি মো. আসাদ বলেন, “আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।”
এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি ও পরিদর্শক আবদুর নুর আহত হন।
