২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশের ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

ছিনতাই ঘটনার পর রাতের বেলায় মহাসড়কে টহল টিমের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জে পুলিশের ছিনতাই হওয়া জিনিসপত্র উদ্ধার, গ্রেপ্তার ৬

গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 04:52 PM

Updated : 16 Oct 2022, 05:15 PM

সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশের মাইক্রোবাস থেকে ছিনতাই করা জিনিসপত্র উদ্ধার এবং দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ছিনতাইয়ের চার দিন পর রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাজীপুরের কোনাবড়ি ও সিরাজগঞ্জের কয়েকটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া জিনিসপত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”  

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ শহরের রায়পুর উত্তর পাড়ার তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২), সয়াধানগড়া মহল্লার আব্দুল মোতালেব হোসেন (২৬), চর মালসাপাড়ার আব্দুল লতিফ খান (২১), শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতি গ্রামের ওয়াজেদ আলী (৩৪), চক শিয়ালকোল গ্রামের সোহেল রানা (২৮) ও সয়দাবাদ ইউনিয়নের পুর্ব মোহনপুর গ্রামের ইনামুল হক আশিক (১৯)। 

উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে, পুলিশের কাছ ছিনতাই হওয়া একটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, একটি পোশাক, তিনটি মোবাইল, একটি মানিব্যাগ, ক্রেডিট কার্ড একটি ও নগদ ছয় হাজার ২০০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি বার্মিজ চাকু ও একটি চাপাতি।   

পুরনো খবর:

পুলিশের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় মামলা
সিরাজগঞ্জে ছিনতাইকারীর কবলে পুলিশ, হারাল ওয়াকিটকি-মোবাইল

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান আরও জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার মূলিবাড়ি থেকে কড্ডা এলাকার মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

বগুড়ার সোনাতলা থানা পুলিশের সাদা পোশাকের দল একটি মামলার নারী ভিকটিমকে ঢাকা থেকে উদ্ধারের পর মাইক্রোবাসে করে ফিরছিলেন। মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাতে ঢিল ছুঁড়ে মারে। 

ঢিলের আঘাতে মাইক্রোবাসে থাকা ভিকটিমের চাচা শহিদুল ইসলামের মাথায় রক্তপাত শুরু হয়। তখন চালক মাইক্রোবাসটি সড়কের পাশে থামিয়ে আহতের মাথায় গামছা বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করছিলেন। 

এসময় ডাকাত দলের সদস্যরা গাড়ির পিছন দিক থেকে এসে দেশীয় অস্ত্রের মুখে পুলিশের ব্যবহৃত জিনিসপত্র ও অফিসিয়াল কাজে ব্যবহৃত একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে মাইক্রোবাসে থাকা সোনাতলা থানার কনস্টেবল আবুল কালামকে ছুরিকাঘাত করা হয়। 

এ ঘটনার দুইদিন পর সোনাতলা থানা পুলিশের ভুক্তভোগী এসআই আব্দুল খালেক বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। 

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার পর রাতের বেলায় মহাসড়কে টহল টিমের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি একজন করে সিনিয়র পুলিশ কর্মকর্তাকে ওই কার্যক্রম মনিটরিং করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।