২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যার চেষ্টা করে গ্রেপ্তার হলেন সিরাজগঞ্জের সেই কনস্টেবল

কনস্টেবল রনির বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা মামলা দায়েরের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 05:39 PM

Updated : 19 Jun 2023, 05:39 PM

সিরাজগঞ্জে স্ত্রীর করা যৌতুকের মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করা সেই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় রোববার রাতে সিরাজগঞ্জ আদালত পুলিশের এসআই মতলুবুল আলম বাদী হয়ে থানায় মামলা করেন বলে সদর থানার ওসি হুমায়ুন করিব জানান।

পুলিশ কনস্টেবলকে হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক রনি (২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। তিনি ঢাকার উত্তরায় এপিবিএন শাখায় কর্মরত রয়েছেন।

আদালত ভবনের তিনতলা থেকে লাফ দেওয়ায় রনির কোমরে ও ডান পায়ে জখম হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের ১ মার্চ রনির স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন। রোববার ওই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।

“জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয়পক্ষের আইনজীবীকে মামলাটি মীমাংসার জন্য উদ্যোগ নিতে বলেন। এ অবস্থায় উভয়পক্ষকে বোঝানোর জন্য কয়েক দফা সময় দেওয়া হয়।

প্রথমদিকে রনি মীমাংসায় রাজি হলেও পরে অপারগতা প্রকাশ করেন। সবার চাপে একপর্যায়ে তিনি আদালতের তিনতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।”

স্বজনরা আহত অবস্থায় রনিকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনার পর রাতে আদালত রনির বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা মামলা দায়েরের জন্য পুলিশকে নির্দেশ দেন বলে জানান পেশকার। পরে রাতে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিরাজগঞ্জে আদালত ভবন থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যার চেষ্টা