২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পাটের দাম নিয়ে শঙ্কায় চাষি

প্রতিকূল আবহাওয়ার কারণে দুই হাজার ৮শ’ হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে।

মাদারীপুরে পাটের দাম নিয়ে শঙ্কায় চাষি

পাট কেটে জমিতে স্তুপ করে রেখেছেন চাষীরা

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 02:12 PM

Updated : 04 Sep 2022, 02:12 PM

চলতি বছর পাটের ফলন ভালো হলেও মাদারীপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এর মধ্যে উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়ে যাওয়ায় পাটের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, চলতি বছর মাদারীপুর সদর, কালকিনি, ডাসার ও শিবচর উপজেলায় ৩৫ হাজার ১০৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা থেকে ৭৮ হাজার ৫শ’ ৬৪ মেট্রিক টন পাট উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এসব উপজেলায় চলতি বছর ৩৭ হাজার ৯শ’ হেক্টর জমিতে দেশি, তোষা ও মেস্তা জাতের পাটের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার ৮শ’ হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে।

তবে পাটের আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও পাটের বাম্পার ফলন হয়েছে দাবি কৃষকদের।

মৌসুম শেষ হলেও এখনো মাদারীপুরে পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। প্রায় ক্ষেত থেকে অধিকাংশ পাট কেটে ফেলা হয়েছে। পানি সংকটে কৃষকরা এখনো পালাক্রমে পাট পঁচাচ্ছেন।

এদিকে ফলন ভালো হলেও বর্তমানে বাজারে পাটের দাম কমে গেছে বলে জানালেন কৃষকেরা। তারা বলছেন, পাটের দাম বর্তমান বাজার দরের চেয়ে বেশি বৃদ্ধি করা দরকার। বর্তমানে বাজারে যে দাম আছে, তাতে পাটের চাষিদের অনেক লোকসান হবে।

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রামের কৃষক দলিলউদ্দিন বলেন, পাটের উৎপাদন খরচ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে বর্তমানে পাটের মণ ২৪’শ থেকে ২৫’শ টাকা পাওয়া যাচেছ। এতে পাট বিক্রি করে লাভ করা যাচ্ছে না।

একই কথা জানিয়েছেন সদর উপজেলার দুধখালী, পেয়ারপুরের বেশ কয়েকজন পাটচাষি।

এ বিষয়ে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম বলেন, স্বচ্ছ পানিতে যত্ন সহকারে পাট জাগ দিয়ে সুন্দর পাটের আঁশ উৎপাদন করতে পারলে কৃষকরা বাজারে ভালো দাম পাবে। সে পরামর্শ মাঠ পর্যায়ে কৃষকদের দিচ্ছেন তারা।