২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে প্রশাসনের জব্দ করা বাল্কহেড নিয়ে ‘লঙ্কাকাণ্ড’

“জব্দ করা ড্রেজার ও বাল্কহেড নিয়ে আসার সময় দোহার থেকে স্পিড বোট ও নৌকা নিয়ে দেড় শতাধিক লোক আমাদের ঘিরে ফেলে।”

মানিকগঞ্জে প্রশাসনের জব্দ করা বাল্কহেড নিয়ে ‘লঙ্কাকাণ্ড’

মানিকগঞ্জের হরিরামপুরে বালুভর্তি এই বাল্কহেডটি জব্দের পর স্থানীয় ব্যবসায়ীদের রোষের মুখে পড়েন ইউএনও।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 10:13 PM

Updated : 29 Aug 2023, 10:13 PM

অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে বালু ব্যবসায়ীদের রোষের মুখে পড়েছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও। তিনি একটি বালুবাহী বাল্কহেড জব্দ করে সেটিতে উঠলে, তাকেসহ বাল্কহেডটি চালিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকার দোহারে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার বিকালে হরিরামপুর উপজেলার ধূলসুড়া ইউনিয়ন এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও তাপসী রাবেয়া।

পরে ঢাকার জেলা প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তাপসী রাবেয়া বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে অবৈধ বালু ব্যাবসায়ীদের ধরতে তিনজন পুলিশ সদস্য, আনসারসহ একটি টিম নিয়ে হরিরামপুর উপজেলার ধূলসুড়া পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যাই। গিয়ে দেখি, উপজেলার সীমনায় এসে বালু কাটছে দোহারের অবৈধ বালু ব্যাবসায়ীরা।

“এ সময় অবৈধ বালু ব্যাবসয়ীদের ড্রেজার ও বাল্কহেড জব্দ করি। পরে ড্রেজার ও বাল্কহেড নিয়ে আসার সময় দোহার থেকে স্পিড বোট ও নৌকা নিয়ে দেড় শতাধিক লোক আমাদের ঘিরে ফেলে। এ সময় ড্রেজারটি তারা নিয়ে যায়। তবে বালু ভর্তি বাল্কহেড আমি ছাড়িনি।”

এ অবস্থায় বাল্কহেডসহ বালু ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতকে ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় নিয়ে যায় বলে জানান ইউএনও।

তিনি বলেন, “পরে মানিকগঞ্জের ডিসি স্যার ঢাকা জেলার ডিসি স্যারকে জানালে দোহারের সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান মৈনট ঘাটে আসেন। আমি দোহারের এসি ল্যান্ডকে বাল্কহেড বুঝিয়ে দিয়ে হরিরামপুর চলে আসি।”

দোহারের এসি ল্যান্ড মুস্তাফিজুর রহমান জানান, বাল্কহেডটি মৈনটঘাটে পৌঁছলে তিনি সেখানে যান। হরিরামপুরের ভারপ্রাপ্ত ইউএনও বাল্কহেডটি মৌখিকভাবে বুঝিয়ে দিয়ে নিজের কর্মক্ষেত্রে চলে যান। এখন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জব্দ বাল্কহেডটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বাল্কহেড ও ড্রেজারের মালিক কে সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে তাদের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।