২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর বাস মালিকদের বিআরটিসি বাস বন্ধে ক্ষুব্ধ এলাকাবাসী

বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ নানা শ্রেনিপেশার মানুষ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 10:02 PM

Updated : 11 Aug 2022, 10:02 PM

বোয়ালমারী থেকে ঢাকাগামী বিআরটিসির বাস চলাচলে বাধা ও যাত্রীদের জোর করে নামিয়ে দেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বোয়ালমারী পৌর বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।

বুধবার বিআরটিসির একটি বাস মাঝপথে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন ফরিদপুর বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ। এরপর বাসটি ফিরিয়ে দেয় এবং এই রুটে বিআরটিসি বাস চালাতে নিষেধ করেন।

বিক্ষোভ কর্মসূচিতে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

এসব সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য দেন।

বক্তাদের অভিযোগ, ফরিদপুর বাস মালিক গ্রুপ দীর্ঘ দিন যাবত বোয়ালমারী, আলফাডাঙ্গার সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে। ওই সংগঠন সরকারে বেঁধে দেওয়া ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে যাত্রীদের কাছ থেকে।

পদ্মা সেতু চালুর পর এলাকার সাধারণ মানুষের দাবির মুখে বিআরটিসি এসি বাস সার্ভিস মঙ্গলবার থেকে চালু হয়। উদ্বোধনের দ্বিতীয় দিনে বিআরটিসির একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করলে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছালে ফরিদপুর বাস মালিক সমিতি বাসটি গতিরোধ করে আটকে দেয়। এ সময় যাত্রীদের বাস থেকে রাস্তায় নামিয়ে দেয়।

ওই সময় বিআরটিসি বাসের স্টাফদের মারধর করা এবং ওই রুটে বাস চালালে হাত পা কেটে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করে ওই বাসের শ্রমিকরা।

এই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগ সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল সিকদার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আহাদ খান।

আরও বক্তব্য দেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাংবাদিক আমীর চারু বাবলু, প্রভাষক জাহিদুল ইসলাম পল্লব, বন্ধ সংঘের সভাপতি ছরোয়ার জাহান দুলু চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক এম এম নুর ইসলাম, ব্লাড ব্যাংক অব বোয়ালমারী সভাপতি ডিসি মুশফিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহাফুজ মিয়া ও শামীম প্রধান।

আরও পড়ুন:

পুরনো খবর:

বিআরটিসি বাস বন্ধ করল ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপ