মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাসের সংঘর্ষ, নিহত ৪
ট্রাকের পেছনের অংশে লেগে বাসের পুরো এক পাশের বডি দুমড়ে মুচড়ে আলাদা হয়ে যায়।
ঈদযাত্রার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৪ জনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় ভূইচিত্র কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, শরীয়তপুরের হাজেরা খাতুন (৫০), সখিপুর থানার সাইফুল (৩০) ও নড়িয়ার আরিফ কাজী (৩২)। নিহত অন্যজন একজন নারী, বয়স আনুমানিক ২৫ বছর। তারা সবাই বাসের যাত্রী।
শরীয়তপুর পদ্মা ট্র্যাভেলসের বাসটি ঢাকা থেকে যাচ্ছিল পদ্মা সেতুর দিকে। চালক দ্রুত গতিতে একটি বিকল ট্রাককে পাশ কাটাতে গেলে দুই বাহনের সংঘর্ষ হয়। তাতে ট্রাকের পেছনের অংশে লেগে বাসের পুরো এক পাশের বডি দুমড়ে মুচড়ে আলাদা হয়ে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ও আইন-শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
ওসি মোল্লা জাকির জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতদের মধ্যে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আহতদের মধ্যে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শংকর কুমার পাল ও জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা সাইদ। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ছয়জনকে প্রাথমিক চিকৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন বলেন, “দুর্ঘটনার আগে ট্রাকটির পেছনের ডানপাশের দুটি চাকার মধ্যে একটি পাংচার হয়ে যায়। ট্রাকটি ইচ্ছা করলেই দ্রুতগতির এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেনটি থেকে নিরাপদে সরিয়ে চাকাটি মেরামত করতে পারত। আর কোনভাবেই চাকা চেক না করে বের হওয়া ঠিক হয়নি।”
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন বলেন, “দক্ষিণাঞ্চলগামী সিরামিক ভর্তি ট্রাকটির ফিটনেস ছিল না। আর বাসটি চলছিল দ্রুতগতিতে। সে কারণেই দুর্ঘটনা ঘটেছে।”
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। তাতে প্রায় দেড় কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে বাসটি সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।
