মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রক্টর বলেন, ১৬ জুলাই ওই ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এরপর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার।
ব্যক্তি মালিকানাধীন মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠি আনন্দবাজার এলাকার মোল্লা ছাত্রী নিবাস থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই মশিউর রহমান জানান।
নিহত শাহরিন রিভানা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি পিরোজপুরের সোহাগদল এলাকার বাসিন্দা আলতাফ মাসুম ইসলাম শাহীনের কন্যা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. খোরশেদ আলম বলেন, রিভানা তার কক্ষে একাই থাকত। ১৬ জুলাই সে পরীক্ষায় অংশ নিয়েছে। এরপর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার।
“সন্ধ্যায় রিভানার মা তার মেসে আসেন। এসে দেখেন কক্ষ বন্ধ। পরে মেস মালিক ও অন্য ছাত্রীদের সহায়তায় কক্ষ খুলে রিভানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
প্রক্টর আরও বলেন, “শরীর ফুলে পচন ধরেছে, দুর্গন্ধ বের হচ্ছে। লক্ষণ দেখে মনে হচ্ছে, ১৬ জুলাইয়ের পর হয়ত দুর্ঘটনা ঘটেছে।”
এসআই মশিউর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে, সোমবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবার বলছে, ছাত্রী প্রায়শই ডিপ্রেশনে থাকত। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। পরিবার ময়নাতদন্ত চায় না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ছাত্রীর মা সাংবাদিকদের বলেন, “প্রায়ই রিভানা মোবাইল বন্ধ রাখত। দুই দিন আগে ফোনে কথা হয়েছিল। তখন তাকে বলেছিলাম, আমি ডাক্তার দেখাতে আসব। তখন মেয়ে বলেছে, ডাক্তার দেখিয়ে মেসে এসো। তোমাদের সঙ্গে বাড়ি যাব।
“ডাক্তার দেখিয়ে এসে দেখি রুম আটকানো। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাইনি। পরে বাসার মালিককে ডাক দিয়ে দরজা ভেঙে দেখি ঝুলে রয়েছে।”
মা আরও বলেন, রিভানা প্রায়ই ডিপ্রেশনে থাকতো।
