হবিগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার
কোদালিয়া নদীতে মাছ শিকারের চাই বসিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নৌকায় বাড়ি ফেরার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন রাজধন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কোদালিয়া নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধন সরকার নামের ওই জেলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী।
৩০ বছর বয়সী রাজধন উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা শঙ্খমহল গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।
ওসি মাসুক আলী জানান, মঙ্গলবার রাজধন কোদালিয়া নদীতে মাছ শিকারের চাই বসাতে গিয়েছিলেন। সন্ধ্যা সাতটার দিকে নৌকা চালিয়ে বাড়ি ফেরার সময় নদীতে পড়ে যান তিনি। নৌকায় থাকা অন্য দুজন বিষয়টি স্থানীয়দের জানালে তারা মধ্যরাত পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করেও পাননি।
বুধবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলার ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল তাকে খুঁজতে নদীতে অভিযান শুরু করে বলে ওসি জানান।
বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের লিডার ফখরুল ইসলাম বলেন, “প্রায় দেড়ঘণ্টা নদীতে খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১১টায় আমরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।”
ওসি মাসুক আলী জানান, মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
