কক্সবাজার-৪: নৌকা প্রার্থীর ব্যানারে সমর্থকের ছবি, জরিমানা
ব্যানারের সঠিক মাপ না থাকায় সেটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানান নির্বাহী হাকিম।
কক্সবাজার-৪ আসনের নৌকা প্রতীকের প্রচারে রঙিন ব্যানার ও তাতে অন্যের ছবি ব্যবহার করায় এক সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদের সামনে আদালত পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. এরফানুল হক চৌধুরী।
দণ্ড পাওয়া কালু মিয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের সমর্থক।
নির্বাহী হাকিম এরফানুল জানিয়েছেন, নৌকা প্রতীকের পক্ষে কালু মিয়া রঙিন ব্যানার ও তাতে অন্যের ছবি ব্যবহার এবং সঠিক মাপ ব্যবহার করেননি।
পরে ওই সমর্থককে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ভোট পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এ হাকিম।
কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভুট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম (আম), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গণি চৌধুরী (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মো. ইসমাইল (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
