১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মেঘনায় ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ, আটক হননি কেউ

রাতে কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 10:34 AM

Updated : 15 Jan 2024, 10:34 AM

মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ করেছে জেলা টাস্কফোর্স। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

গত রোববার সন্ধ্যায় বরিশাল জেলার হিজলা থানা এলাকা থেকে ইশানবালার দিকে যাওয়ার সময় জাটকা বোঝাই কাঠবড়ি ট্রলারটি আটক করা হয় বলে অভিযানে অংশ নেওয়া চাঁদপুর সদর উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান।

তিনি জানান, বিকাল ৪টার দিকে চাঁদপুর জেলা সদর থেকে জেলা টাস্কফোর্স সদস্যরা মেঘনা নদীতে অভিযানে বের হয়। এর মধ্যে একটি দল মেঘনা মোহনা এলাকায় অভিযান চালায়। অপর দলটি অভিযান চালিয়ে ঈশানবালা থেকে ট্রলারসহ জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসে। তবে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এরপর রাতে কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর উপস্থিতিতে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এর আগে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মেঘনার মোহনা এলাকায় জেলা টাস্কফোর্সের অভিযানে ১ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। রাতেই জব্দ জাটকা এতিমখানায় বিতরণ ও জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান তানজিমুল ইসলাম।

অভিযানে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ছিলেন।