জানাজা থেকে ফেরার পথে শেরপুরে ট্রাক চাপায় নিহত ৩
এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগমের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
শেরপুরের নকলা উপজেলায় ট্রাক চাপায় দুই নারীসহ তিন ইজিবাইক যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছে শিশুসহ আরও তিনজন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নকলার গরেরগাও এলাকায় পাইশকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নকলা থানার ওসি আব্দুল কাদের।
নিহতরা হলেন-শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার রাজা মিয়া (৫৫), নালিতাবাড়ী উপজেলার নন্নী পোড়াগাও গ্রামের জবেদা বেগম (৭৫) ও আবেদা খাতুন (৩০)।
আহত তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, “ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিয়ে ইজিবাইকে করে ফিরছিলেন রাজা মিয়াসহ ছয়জন। নকলার পাইস্কা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগমের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা খাতুন মারা যান।”
দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে।নিহতদের লাশ থানায় রাখা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
