২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ১০ উপজেলাসহ নগরীর অর্ধেক বিদ্যুৎহীন

মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা ব্যাপকভাবে বিঘ্নিত হয়।

সাইদ মেমন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 12:32 AM

Updated : 25 Oct 2022, 12:50 AM

ঘূর্ণিঘড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নগরীর কিছু এলাকা ছাড়া জেলার সব উপজেলা বিদ্যুৎহীন। এছাড়াও মোবাইল নেটওয়ার্ক যাওয়া আসা করছে ও ইন্টারনেট সেবা থাকলেও গতি শ্লথ বলে সংশ্লিষ্ট উপজেলা দপ্তর জানিয়েছে। 

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দিনভর মুষলধারে বৃষ্টি হয়েছে; সন্ধ্যা ৭টার দিকে কমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। 

সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে তিনি জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার সকল ইউনিয়ন বিদ্যুৎহীন। মোবাইল নেটওয়ার্ক আসা যাওয়া করছে। ইন্টারেটের গতি নেই। 

ইউএনও বলেন, সিংহভাগ এলাকায় পানি উঠেছে। আশ্রয় কেন্দ্রে কেউ আসেনি। 

সোমবার ভোর রাত ৩টা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা বিদ্যুৎহীন বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নাাঞ্চলে পানি উঠেছে। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। ইন্টারনেটও গতিহীন।” 

সকাল থেকে হিজলা উপজেলা বিদ্যুৎহীন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। 

কিছু গাছপালা পড়ে গেছে; কয়েকটি ঘর বিধ্বস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ উপজেলার ৫৭টি আশ্রয়কেন্দ্রে ৬৭০ জন আশ্রয় নিয়েছে। এছাড়া ২৩০টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আসা সাধারণ মানুষের মাঝে শুকানা খাবার বিতরণ করা হয়েছে। 

বাবুগঞ্জ উপজেলার নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে বিদ্যুৎ নেই। নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না। কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই। 

বানারীপাড়া নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহসিনুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না। তাই নেটের গতিও নেই। উপজেলায় ৩৩টি আশ্রয় কেন্দ্রে কেউ আসেনি। 

বাকেরগঞ্জ উপজেলা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মঞ্জুরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত থেকে বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। 

“একটি ঘরে গাছ পড়েছে; তবে কেউ আহত হয়নি। ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর নেই। এ উপজেলায় ১৮০টি আশ্রয় কেন্দ্র ও সাইক্লোন সেন্টারে ৪০০ জনের মতো লোকজন এসেছে।”

আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তায়বায়ন কমকর্তা রমনি রঞ্জন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল থেকে আগৈলঝাড়া উপজেলা বিদ্যুৎহীন। মোবাইল নেটওয়ার্ক ভালো কাজ করে না। তেমন কোনো ক্ষয়ক্ষতি নেই। উপজেলার ১২টি আশ্রয় কেন্দ্রে দেড় শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। 

উজিরপুর ও গৌরনদী উপজেলায়ও সকাল থেকে বিদ্যুৎ নেই। নেটওয়ার্ক ভালো কাজ করছে না বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। 

তবে বরিশাল নগরীর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ রয়েছে। নগরীর বিদ্যুত সরবরাহকারী ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর অর্ধেক এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। সকল এলাকায় চালু করা সম্ভব হয়নি। ঝড় না গেলে বিদ্যুৎ পুরোদমে চালু করা সম্ভব হবে না। 

বরিশাল জেলা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুযোগপূর্ণ আবহাওয়ায় ক্ষয়ক্ষতি কমাতে বিদ্যুৎ বিভাগ সরবরাহ বন্ধ রাখে। তাই একটু সমস্যা হয়েছে। তবে তিনটি উপজেলা পুরো বিদ্যুৎহীন। অন্যান্য উপজেলার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আছে। 

তিনি জানান, জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র ১৬ হাজার ৮৭৯ জন আশ্রয় নিয়েছেন। গবাদি পশু এসেছে ৪ হাজার ৯২৯টি। এখন পর্যন্ত প্যাকেটে শুকনো খাবার, ৮০০ প্যাকেট বিস্কুট ও ১২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।