২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া ঘাটে নেই ঈদের ব্যস্ততা

ঘাট এলাকায় দেখা যায়, প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে; পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলের চাপ।

পাটুরিয়া ঘাটে নেই ঈদের ব্যস্ততা

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নেই ঈদের ব্যস্ততা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 07:21 PM

Updated : 27 Jun 2023, 07:21 PM

ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও আগের চিরচেনা রূপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায়। দূরপাল্লার যানবাহনের কোনো চাপ নেই। তবে লোকাল গাড়ির যাত্রীর চাপ রয়েছে। 

মঙ্গলবার বিকেলের দিকে পাটুরিয়া ঘাট এলাকায় দেখা যায়, প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে। পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলের চাপ।

তবে কোনো ধরনের অপেক্ষা ছাড়াই গাড়িগুলো ফেরিতে অনায়াসেই উঠে পড়ছে।

সেলফি পরিবহন, যাত্রীসেবা, নীলাচলসহ অন্যান্য লোকাল পরিবহনে যাত্রীরা এসে ভোগান্তি ছাড়াই ফেরি এবং লঞ্চে নদী পার হচ্ছেন।

কোরবানির পশুবাহী ট্রাক পারাপারে বিশেষ ফেরির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ নেই। কোনো ধরনের ভোগান্তি ছাড়া ফেরিতে পারাপার হচ্ছে। যানবাহন ১৮টি ফেরি দিয়ে পারাপার হচ্ছে।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী বলেন, গত ঈদের চেয়ে লঞ্চঘাটে যাত্রীর চাপ কিছুটা কম।  তবে আজ সকালে একটু চাপ ছিল। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি এবং আরিচা-কাজিরহাট নৌপথ পারাপারে ১১টি লঞ্চ প্রস্তুত আছে।