১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ‘নিখোঁজ’

মিকাইল ইসলামের স্ত্রী জানিয়েছেন, সোমবার বিকালে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি; মানিব্যাগ ও মোবাইল ফোন তিনি সঙ্গে নেননি।

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ‘নিখোঁজ’

মিকাইল ইসলাম টুটুল

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 08:53 PM

Updated : 28 Jun 2023, 08:53 PM

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

এ বিষয়ে তার স্ত্রী মৌ গত মঙ্গলবার গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মিকাইল ইসলাম টুটুল (৫০) জেলা শহরের পাচুড়িয়া এলাকায় ভাড়া বাসায় তার স্ত্রীসহ থাকেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, শহরের পাচুড়িয়া এলাকার বাসা থেকে গত সোমবার [২৬ জুন] বিকালে বেরিয়ে যান; এরপর থেকে তার আর খোঁ নেই বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

“আমরা সম্ভাব্য স্থানগুলোতে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছি। তাকে খুঁজে পাওয়া যাবে বলে আশা করছি।”

মিকাইল ইসলামের স্ত্রী মৌ জানিয়েছেন, সোমবার বিকাল ৩টার দিকে তার স্বামী বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে যান। এমনকি মানিব্যাগ ও নিজের মোবাইল ফোনটিও নেননি। রাতে তিনি বাসায় ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাসায় খোঁজ নেন। কোথাও খোঁজ না পেয়ে থানায় জিডি করেছেন।

তার সঙ্গে কোনো ঝগড়া-বিবাদও হয়নি বলেও জানান মৌ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কিউ এম মাহবুব বলেন, তাকে বিষয়টি কেউ জানায়নি।