মানিকগঞ্জে বেড়েছে চুরি: দুই রাতেই তিন গ্রামের ১২ বাড়িতে চুরি
গলার সোনার চেইন চুরি যাওয়া গৃহবধূ ইয়াসমিন বলেন, “ভয় হয় বলে থানায় অভিযোগ দেইনি, যদি চোরেরা আবার ক্ষতি করে।”
মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। চুরি ঠেকাতে কোনো কোনো এলাকায় রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ও শুক্রবার দুই রাতেই জেলার হরিরামপুরের তিন গ্রামে ১২টি চুরির ঘটনা ঘটেছে। এছাড়া সেপ্টেম্বরে সদর উপজেলায় ৩০টি চুরির ঘটনা, সিংগাইরে চারটি ডাকাতি এবং শিবালয়ে দুটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এর মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের আইলকুন্ডি গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মো. মোকবুল হোসেন, মো. হাশেম, রামেশ্বরপুর গ্রামের জিতেন চন্দ্র মণ্ডল তাদের বাড়িতে চুরি হয়েছে বলে জানিয়েছেন।
এসব বাড়িতে থেকে চোর কয়েকটি মোবাইল ফোন, রুপার নুপুর, নগদ টাকাসহ বিভিন্ন জিনিস নিয়ে যায়।
একই রাতে রামেশ্বরপুর গ্রামের মো. বাচ্চু শেখ ও মো. সিহাব হোসেনের বাড়িতে সিঁদ কাটলেও চোর কোনো মালামাল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা।
এদিকে শুক্রবার মধ্যরাতে হরিরামপুরের একই ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের দেলোয়ার হোসেন, মো. হুমায়ুন হোসেন, মো. খালেক মিয়া, মো. মোতালেব শেখ, মো. করিম খান এবং মোহনপুর গ্রামের মো. রুমি হোসেন তাদের বাড়িতে চুরি হওয়ার কথা জানান।
এসব বাড়ি থেকে একটি স্বর্ণের চেইন, ১০ ভরি ওজনের রুপা, কয়েকটি মোবাইল, লুঙ্গী, শাড়ীসহ বিভিন্ন মালামাল চুরি হয়।
গঙ্গারামপুর গ্রামের খালেক মিয়ার স্ত্রী ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর রাত পৌনে চারটার দিকে চোর সিদ কেটে ঘরে ঢুকে তার গলায় থাকা পঞ্চাশ হাজার টাকা মূল্যের সোনার চেইন ছিড়ে নিয়ে যায়।
থানায় অভিযোগ না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ভয় হয় বলে থানায় অভিযোগ দেইনি, যদি চোরেরা আবার ক্ষতি করে। কেউ কেউ বলে থানায় অভিযোগ দিলে যে টাকার চেইন চুরি হইছে তার চেয়ে বেশি খরচ লাগতে পারে, এজন্যও অভিযোগ দেইনি।”
ধূলশুড়া ইউনিয়নের চেয়ারম্যান জায়েদ খান মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে কখনো এধরনের ঘটনা আমার ইউনিয়নে ঘটেনি। এ ঘটনার পর শুক্রবার রাত থেকে গ্রাম পুলিশসহ আমি নিজেই রাত জেগে পাহারা দিচ্ছি।"
এদিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমেদ রাজা জানান, গত সেপ্টেম্বরে তার ইউনিয়নে ১২টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাতে ইউনিয়নের মুলজান গ্রামে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। একদিন আগে ১৮ সেপ্টেম্বর রাতে ওই ইউনিয়নের পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসব বাড়ি থেকে চোরেরা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ছাড়া সম্প্রতি ইউনিয়নের দিঘী ও কয়রা গ্রাম থেকে অন্তত তিনটি ব্যাটারিচালিত রিকশা ও একটি ইজিবাইক চুরি হয়েছে।
সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিনিয়র সাংবাদিক নূর সিদ্দিকী জানান, গত ২৩ সেপ্টেম্বর রাতে তার ও তার ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ছাড়া এর প্রায় দুই সপ্তাহ আগে কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রাম থেকে ঘরের গ্রিল কেটে ঢুকে মোটরসাইকেল চুরি হয়।
হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরিরামপুরে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়েছে। পুরো উপজেলায় অর্ধ শতাধিক চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি। ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে জোরালোভাবে তুলে ধরবো। তবে পুলিশের টহল বাড়ানো জরুরি।”
মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, ইতিমধ্যে চুরি ঠেকাতে বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে ধুলসুরা ইউনিয়নের তিনটি গ্রামে চুরির ধরণ শুনে ছিঁচকে চোর মনে হয়েছে।
“তবুও এঘটনা জানার সাথে সাথে ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকায় টহল বাড়িয়েছি। চোর ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।”
