২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাংবাদিককে ধরে এনে মামলা দিয়ে গ্রেপ্তার: রংপুর তারাগঞ্জের ওসিকে বদলি

ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম প্রায় এক দশক ধরে দৈনিক সংবাদের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 04:54 PM

Updated : 13 Dec 2023, 04:54 PM

রংপুরে সাংবাদিককে বাসা থেকে ধরে এনে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর অভিযোগের ঘটনায় তারাগঞ্জ থানার ওসিকে দিনাজপুর পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

বুধবার সকালে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ইফতে খায়ের আলম জানান, অভিযোগের তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমানকে মঙ্গলবার ‘স্ট্যান্ড রিলিজ’ দিয়ে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

ভুক্তভোগী সাংবাদিক আশরাফুল ইসলাম প্রায় এক দশক ধরে দৈনিক সংবাদের তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি।

আশরাফুলের দাবি, যৌতুকের মামলায় দণ্ডিত আসামিকে গ্রেপ্তার না করায় পুলিশ সুপারের কাছে তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

ওই অভিযোগ তুলে ধরে খবর প্রকাশ করায় ওসি তাকে হেনস্তা করতে ২ সেপ্টেম্বর সকালে বাসা থেকে ধরে এনে থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তাকে থানায় প্রায় দুই ঘণ্টা আটক রেখে মারামারির ঘটনার কথা উল্লেখ করে মামলা রেকর্ড করার পর বিকালে আদালতে পাঠানো হয়।

ওই দিনই তিনি জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। কারণ মামলার ১৩ জন আসামির মধ্যে শুধুমাত্র তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিয়ে তার আইনজীবী বিচারকের কাছে যথাযথভাবে তুলে ধরেন।

এ ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]