২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে গৃহবধূকে গলাকেটে হত্যা, গ্রেপ্তার স্বামী

পুলিশ জানায়, আসামির সঙ্গে তার স্ত্রীর প্রায়ই বাকবিতণ্ডা ও হাতাহাতি হতো; একাধিকবার তাকে হত্যার হুমকিও দেয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 05:33 PM

Updated : 01 Dec 2022, 05:35 PM

কুড়িগ্রামের সদর উপজেলায় এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, নিহতের মায়ের করা মামলায় বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার টিকুর শালখুরিয়া গ্রাম থেকে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেন তারা।

মোখলেছুর কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ি গ্রামের শোয়ার ঘর থেকে বুধবার রাতে তার ৩৫ বছর বয়সী স্ত্রী সাহেরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাহেরা বেগম পলাশবাড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, পারিবারিক কলহের জেরে মোখলেছুর তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে নিহতের স্বামীকে ধরতে সাড়াশি অভিযান চালায়। পরে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম অতিরিক্ত মুক্য বিচারিক হাকিম মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক মোখলেছুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের খবরও জানান তিনি।

নিহতের মা ফাতেমা বেগমের দায়ের করা মামলার বরাতে ওসি বলেন, মোখলেছুর দীর্ঘদিন থেকে বেকার এবং তার সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। এর মধ্যে সে জুয়া খেলতো। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটতো। একাধিকবার সে স্ত্রী সাহেরাকে হত্যার হুমকিও দেয়।

হত্যার পরিকল্পনা মোতাবেক মোখলেছুর কিছুদিন আগে একটি মাংস কাটার দা ধার দিয়ে রাখে। ওই দা দিয়েই সাহেরাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান তিনি।

নিহতের ছেলে শামীম ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় বাড়িতে ফিরে সে বাড়ির দরজা তালা দেখে অনেকবার চিৎকার করেও মায়ের কোনো সাড়া পাননি। পরে প্রতিবেশীদের ডেকে এনে তার সহায়তায় মায়ের শেয়ার ঘরের দরজা ভেঙে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মিজানুর নামের এক এলাকাবাসী জানান, মোখলেছুর ২৫ বছর আগে বিয়ে করে পলাশবাড়ি পশ্চিমপাড়ায় শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকতেন। মাথা গরম স্বভাবের মোখলেছুরের নির্দিষ্ট কোনো পেশা ছিলো না। রিকশা চালানো, মুরগীর ব্যবসা, হোটেলে রান্নার কাজ, দিনমুজরির কাজ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইডে থাকার কাজ করতো।

কিন্তু স্থির ছিলোনা কোথাও। বেশিরভাগ সময় হাতে কাজ থাকতো না। তাই সংসারে অভাব অনটন লেগেই থাকতো।

বেলায়েত নামের আরেকজন বলেন, মোখলেছুরের স্ত্রী সাহেরা সংসার চালানোর জন্য বাড়িতে দর্জির কাজ করতেন। আর ছেলে শামীম রাজমিস্ত্রীর কাজ করে। জুয়া, পরকীয়া, অর্থনৈতিক অস্বচ্ছলতায় বিরোধ লেগেই থাকতো। কিন্তু এর পরিনতি খুন হবে, তা কেউ ভাবতে পারেনি।

মামলার বাদি ফাতেমা বলেন, “আমার জামাই আমার মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। আমি সারাদিন বাইরে ছিলাম। খবর শুনে এসে মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পাই।”

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে,পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এর বাইরেও যদি কেউ এ ঘটনার সাথে জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।