‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন সাংবাদিক সাদেকুল ইসলাম
তাকে দেশের প্রথম শহীদ মিনারের স্থপতি ও ভাষাসংগ্রামী ডা. মঞ্জুর হোসেন স্মৃতি পদকও দেওয়া হয়েছে।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেয়েছেন সাংবাদিক সাদেকুল ইসলাম। একই সঙ্গে তাকে দেশের প্রথম শহীদ মিনারের স্থপতি ও ভাষাসংগ্রামী ডা. মঞ্জুর হোসেন স্মৃতি পদকও দেওয়া হয়েছে।
নওগাঁ শহরের মুক্তির মোড়ে জহির রায়হান চলচ্চিত্র সংসদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব রহমান রায়হান।
সাদেকুল ইসলাম দৈনিক মানবজমিনের নওগাঁ প্রতিনিধি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা ফারিনা হায়দার তাকে উত্তরীয় পরিয়ে দেন। সম্মাননা স্মারক তুলে দেন ভাষাসংগ্রামী ডা. আমজাদ হোসেন তরফদারের ছেলে ও জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদুল করিম তরফদার এবং জহির রায়হান চলচ্চিত্র সংসদের উপদেষ্টা ও সমাজসেবী মৌদুদুর রহমান কল্লোল।
এ সময় উপস্থিত ছিলেন আলোকচিত্রী, চলচ্চিত্র গবেষক ও লেখক মীর শামসুল আলম বাবু, শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছেলে তপু রায়হান, চলচ্চিত্র সাংবাদিক ও লেখক অনুপম হায়াৎ এবং সংগঠনটির সদস্যসচিব রহমান রায়হানসহ অনেকে।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সাদেকুল ইসলাম বলেন, “যেকোনো সম্মাননা পাওয়া আনন্দের ও গর্বের। এ স্বীকৃতি পেশাগত মর্যাদা ধরে রাখা এবং দেশসেবায় আরও ভালোভাবে কাজ করতে আমাকে অনুপ্রাণিত করবে।”
রহমান রায়হান জানান, শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। ২৪টি সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে উৎসবে নাচ, গান, আবৃত্তি ও নাটকসহ বিভিন্ন পরিবেশনা ছিল। পাশাপাশি সাংবাদিকতা, সমাজসেবা, সংস্কৃতি, চিকিৎসা, সংগঠন, ক্রীড়া, সাহিত্য, আন্দোলন-সংগ্রাম ও শিক্ষায় অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে চিকিৎসায় ডা. মুনীর আলী আকন্দ, সংস্কৃতিতে শিল্পী রতন সাহা রঘু, ক্রীড়ায় মো. মোসাদ্দেক হোসেন, শিক্ষায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক, সংগঠনে নাট্যজন মো. খাদেমুল ইসলাম, সাহিত্যে কথাসাহিত্যিক রবিউল করিম, আন্দোলন-সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা এ এফ এম নুরুজ্জামান নান্টু এবং সমাজসেবায় মনোয়ার হোসেন লিটন সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া কালোত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয় এবং পাঠাগার বন্ধু সম্মাননা পেয়েছেন আব্দুস সাত্তার খান।
