২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের সেই কলেজ ভবন থেকে রাতারাতি সরল ব্যানার-ফেস্টুন

ব্যানার-ফেস্টুন এমনভাবে সাঁটানো হয়েছিল যে, বোঝার উপায় ছিল না এটি কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়।

গাজীপুরের সেই কলেজ ভবন থেকে রাতারাতি সরল ব্যানার-ফেস্টুন

গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজ ভবন থেকে রাতারাতি সরানো হয়েছে কিছু ব্যানার-ফেস্টুন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2022, 05:24 PM

Updated : 11 Oct 2022, 05:24 PM

সমালোচনার মুখে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ ভবন ও ক্যাম্পাস থেকে রাতারাতি বেশ কিছু ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেওয়া হয়েছে। 

১৫ অক্টোবর আওয়ামী লীগের কোনাবাড়ী থানার সম্মেলন কোনাবাড়ী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে কেন্দ্র করে গোটা কলেজ ক্যাম্পাস ও ভবন নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন দিয়ে ঢেকে ফেলে। 

সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয়। কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরাও এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন হয়। অনেকে প্রশ্ন তুলেন- এটি কি কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়? 

দুর্গাপূজার ছুটি শেষে মঙ্গলবার কলেজ খুলেছে। তার আগে সোমবার রাতেই কলেজ ক্যাম্পাস ও ভবন থেকে অধিকাংশ ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়া হয়।   

আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, এ নিয়ে আলোচনা উঠার পর যারা ব্যানার লাগিয়েছিলেন তারা নিজেরাই আবার সেগুলো খুলে ফেলেছেন। 

মঙ্গলবার কলেজে গিয়ে দেখা গেছে, এখনও কিছু ব্যানার ভবন ও ক্যাম্পাসে ছড়ানো-ছিটানো অবস্থায় রয়ে গেছে। মাঠজুড়ে প্যান্ডেল বানানোর কাজ চলছে।   

আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রচার চালানো হচ্ছে। নেতাকর্মীরা নিজেদের নানাভাবে জাহির করার চেষ্টা করছেন। বড় নেতাদের এবং সম্মেলনে আসা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিভাইডার এবং দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে। 

আরও পড়ুন:

‘এটি কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়’