‘এটি কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়’
গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এই ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে।
গাজীপুর মহানগরীর একটি থানায় ক্ষমতাসীন দলের সম্মেলনকে কেন্দ্র করে একটি কলেজে এমনভাবে ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে যা নিয়ে সমালোচনা করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
১৫ অক্টোবর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলন কোনাবাড়ী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে কেন্দ্র করেই কলেজ ভবন, মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের প্রচারের জন্য বিপুল সংখ্যক ব্যানার ও ফেস্টুন সাঁটানো হয়েছে।
কলেজ ভবনের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখানে মানুষকে সমালোচনা করতে দেখা গেছে।
কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কলেজের ভবন দেখে বুঝার উপায় নেই এটি কলেজ, নাকি রাজনৈতিক কার্যালয়।”
সোমবার দুপুরে কোনাবাড়ী ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায়, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যানার ও ফেস্টুনে কলেজ গেইট, মাঠ ও একাডেমিক ভবন ঢেকে গেছে। ফটকে বেশ কিছু শ্রমিক বড় করে তোরণ তৈরি করছেন। পুরো মাঠের চারদিকে ছেয়ে ফেলা হয়েছে ব্যানার-ফেস্টুন দিয়ে।
আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এই সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রচার চালানো হচ্ছে। নেতাকর্মীরা নিজেদের নানাভাবে জাহির করার চেষ্টা করছেন। বড় নেতাদের এবং সম্মেলনে আসা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডিভাইডার এবং দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে।
কলেজের একজন শিক্ষার্থী বলেন, “দুর্গাপূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। কলেজ বন্ধ থাকার সুযোগে কলেজ ভবনসহ মাঠের চারদিকে ব্যানার-ফেস্টুন যেভাবে লাগানো হয়েছে, তাতে এগুলো খুলে না দিলে ক্লাসে প্রবেশ করাই কষ্টকর হয়ে যাবে।
“শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে রাজনৈতিক পোস্টার লাগানো উচিত হয়নি। এটি দেখতেও খারাপ লাগছে। অথচ সম্মেলন হবে ১৫ অক্টোবর। প্রয়োজনে তারা অনুষ্ঠানের একদিন আগে এগুলি লাগাতে পারতেন। অনুষ্ঠান শেষ হলে এগুলি কে পরিষ্কার করবে?“
কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও কলেজের পাশের হরিণাচালা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “বেশ কিছুদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কলেজ খুলছে। আওয়ামী লীগের নেতারা ব্যানার-পোস্টার-ফেস্টুন দিয়ে কলেজের যে অবস্থা করে রেখেছে তাদের লেখাপাড়ার পরিবেশ একেবারে নষ্ট করে দিয়েছে।”
স্থানীয় ব্যবসায়ী আবু সাঈদ বলেন, “আওয়ামী লীগের সম্মেলন হবে তাতে আমাদের কী? আমাদের বাড়িঘর থেকে শুরু করে পুরো রাস্তাঘাট সব স্থানে পোস্টার লাগিয়ে পরিবেশ নষ্ট করা হয়েছে। কলেজটি দেখে মনে হচ্ছে, এটি রাজনৈতিক কার্যালয়। দ্রুত এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা প্রয়োজন।”
কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, “কলেজ বন্ধ থাকার সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো লাগিয়ে কলেজের পরিবেশ নষ্ট করেছে। তারপরও কলেজের পক্ষ থেকে এলাকার নেতাকর্মীদের বিষয়টি জানিয়েছি। তারা বলেছেন, অনুষ্ঠান শেষে ব্যানার-ফেস্টুন খুলে পরিষ্কার করে দেওয়া হবে। এ নিয়ে উভয় সংকটে আছি।”
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল বলেন, “একটি রাজনৈতিক অনুষ্ঠান হবে যার কারণে সবাই আগে থেকেই ব্যানার-পোস্টার লাগিয়েছে। এটা তো আর আশালীন কিছু না, তাই এতোটা সমস্যা হবে না। কয়েকটা দিনই তো, আপনারা একটু সয়ে নিবেন।”
