হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ খুন, আহত ২৫
পুলিশ জানায়, বোরো জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল।
হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান কাটা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শুক্রবার সকালে উপজেলার মকসুদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান।
নিহত ষাটোর্ধ্ব আব্দুল জলিল ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রামের বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল জলিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
পরিদর্শক চম্পক ধাম জানান, মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
