বগুড়ায় বাস চাপায় সেনাসদস্য ও এক নারী নিহত
পাবনাগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।
বগুড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য ও এক নারী নিহত হয়েছেন।
রোববার দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জের রহবল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেনাসদস্য শাকিল আহাম্মদ (২২) ও তার আত্মীয় সঞ্চিতা (২০)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মনোয়ারুল ইসলাম জানান, শাকিল আহাম্মদ ও সঞ্চিতা গাইবান্ধার গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলে। বিপরীত দিক থেকে পাবনাগামী একটি বাস রহবল এলাকায় তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এ দুজন প্রাণ হারান।
পুলিশ বাসসহ চালককে আটক করেছে বলে এসআই মনোয়ারুল ইসলাম জানান।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
শাকিল আহাম্মদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কমলিহার গ্রামের আব্দুল মজিদের ছেলে। সন্চিতা তার আত্মীয়।
আটক বাসচালক আলামিন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা।
