চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার চন্দ্রবাস গ্রামে চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান।
মৃতরা হলো- ওই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ হোসেন (১৩) ও ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (১৩)।
তারা মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো বলে জানায় পুলিশ।
ওসি বলেন,“মাদ্রাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় জুনায়েদ ও সাইফুলকে সাপে কামড় দেয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার পর মারা যান তারা।”
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদের বলেন, “সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সাপে কামড়ানো দুই মাদ্রাসা ছাত্রকে জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।”
