১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

আগ্রহীরা ১৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী।

নিজস্ব প্রতিবেদক

ও নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2024, 08:30 PM

Updated : 08 Jan 2024, 08:44 PM

স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার ভোটের এ তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছেন।

ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ঠিক করা হয়েছে ১৭ জানুয়ারি।

দ্বাদশ সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ২৯ ডিসেম্বর মারা গেলে ইসি ভোট স্থগিত করেছিল।

এতে করে ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়।

নিয়ম অনুযায়ী, আগের তিন বৈধ প্রার্থীকে আর মনোনয়নপত্র জমা দিতে হবে না। তাদের সঙ্গে নতুন প্রার্থীও যোগ হওয়ার সুযোগ থাকবে।

নওগাঁ-২ আসনে ঈগল প্রতীকের আমিনুলসহ প্রার্থী ছিলেন চারজন।

প্রথমে রিটার্নিং কর্মকর্তা আমিনুলের মনোনয়নপত্র বাতিল করে, পরে নির্বাচন কমিশনেও সে সিদ্ধান্ত বহাল থাকে। পরে তিনি হাই কোর্টে রিট আবেদন করে প্রার্থিতা ফিরে পান। এরপর ২৮ ডিসেম্বর নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে ঈগল প্রতীক বরাদ্দ দেয়। পরদিনই ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ আসনের অন্য প্রার্থীরা ছিলেন-আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আখতারুল ইসলাম।

নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২৬ জানুয়ারি।

পুরানো খবর:

নওগাঁ-২: স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নির্বাচনি কার্যক্রম বাতিল

পুরানো খবর:

নওগাঁ-২: প্রতীক পাওয়ার পরদিন মারা গেলেন স্বতন্ত্র প্রার্থী