২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গু সচেতনতায় শহরের বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাইকিং এবং লিফলেট বিতরণ।

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গু সচেতনতায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রচার।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 03:33 PM

Updated : 11 Jul 2023, 03:33 PM

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫ জনে।

এদিকে জেলা শহরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার হাসপাতাল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রচার চালান ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান।

তবে ফরিদপুরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু ঘটেনি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে যে ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তার মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে তিনজন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

গত জানুয়ারি থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৫ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৬৫ জনের চিকিৎসা চলছে।

এদিকে মঙ্গলবার দুপুর ১২টা থেকে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে ফরিদপুর জেনারেল হাসপাতাল চত্বর ও শহরের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু বিষয়ক সচেতনতা করে মাইকিং করা হয়েছে। পাশাপাশি বিতরণ করা হয় প্রচারপত্র।

এতে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গনেশ কুমার আগরওয়ালা, সিভিল সার্জনের কর্যালয়ের মেডিকেল কর্মকর্তা আল-আমিন সারোয়ার, জেলা মেডিকেল সার্ভিলেন্স কর্মকর্তা এ কে এম আহসানুজ্জামান, জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ছিদ্দীকুর বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। শঙ্কিত হওয়ার মত পরিস্থিতি এখন পর্যন্ত উদ্ভব হয়নি। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।