ফরিদপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ফরিদপুরে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাদের আরও দুই মাস করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে।
রোববার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন বলে আদালতের আইনজীবী শাহ মো. আবু জাফর জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফরিদপুর শহরের উত্তর আলীপুর মহল্লার পান্নু বিশ্বাস (৫৪) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজী (৩৮)।
রায় ঘোষণার সময় পান্নু বিশ্বাস আদালতে হাজির থাকলেও জামিনে ছাড়া পেয়ে রিপন গাজী পলাতক আছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৭ মে সন্ধ্যায় ফরিদপুর সদরের গঙ্গাবর্দী বেইলি সেতু এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে আটক করে র্যাব। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
এ ঘটনায় ওই দিনই র্যাবের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই ওই থানার ওসি সৈয়দ মোহসিনুল হক পান্নু বিশ্বাস ও রিপন গাজীর নামে আদালতে অভিযোগপত্র জমা দেন।
