গাজীপুরে বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বাড়ির পাশে কলাবাগানে পানি দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুতচালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন।
শনিবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।
নিহত মজিবুর রহমান (৩৫) উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান জানান, মজিবুর রহমান কৃষিকাজ করেন। তিনি বাড়ির পাশে কলা চাষ করেছিলেন। শনিবার সকালে কলা বাগানে পানি দিতে সেচযন্ত্রের বিদ্যুতচালিত মোটর চালু করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
