২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ নির্বাচন: ঝালকাঠিতে আগ্রহী প্রার্থীরা সরব ফেইসবুকে

ঝালকাঠিতে জেলা পরিষদে নির্বাচিত হবেন মোট সাতজন

জেলা পরিষদ নির্বাচন: ঝালকাঠিতে আগ্রহী প্রার্থীরা সরব ফেইসবুকে

(উপরে বাম থেকে) সরদার মো. শাহ আলম, অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, (নিচে বাম থেকে) খান আরিফুর রহমান, মো. ফায়জুর রব আজাদ এবং সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 11:39 AM

Updated : 30 Aug 2022, 11:49 AM

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঝালকাঠিতে আগ্রহী প্রার্থীদের প্রচার বেড়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

তবে ১৭ অক্টোবরের এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাদের বাইরে আর কোনো দলের তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।

চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক মহল ও স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।

ঝালকাঠিতে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পরিষদের সদ্যবিদায়ী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ফায়জুর রব আজাদ এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক।

২৩ অগাস্ট নির্বাচন কমিশন তিন পার্বত্য জেলা বাদ দিয়ে ৬১ জেলা পরিষদে ভোটের তফসিল ঘোষণা করেন। এতে সারা দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত ৬৩ হাজারের বেশি জনপ্রতিনিধি ভোট দেবেন।

তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। এতে প্রথমবারের সঙ্গে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের সংখ্যায় কিছু পার্থক্য হবে।

“আগে প্রতি জেলায় ১৫ জন সাধারণ সদস্য এবং পাঁচ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকার বিধান ছিল। তা সংশোধন করে প্রত্যেক উপজেলায় (জেলার মোট উপজেলার সমানসংখ্যক) একজন করে সদস্য এবং চেয়ারম্যানসহ সদস্যদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হবে।

তিনি আরও বলেন, উপজেলার সংখ্যা যাই হোক, সংরক্ষিত নারী সদস্য দুইজনের কম হতে পারবে না। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দেবেন।

সংশোধিত আইন অনুযায়ী, এবার ঝালকাঠিতে একজন চেয়ারম্যান, চারজন সাধারণ সদস্য ও দুজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক জহুল আলী।

তিনি আরও বলেন, জেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোটার ৪৫৪ জন। এখনও এ ব্যাপারে কোনো কাগজ-পত্র আসেনি। তবে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আমারা নিচ্ছি। ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

জেলা পরিষদের বর্তমান প্রশাসক সরদার মো. শাহ আলমকে আবার দলীয় প্রার্থী দেখতে চেয়ে ফেইসবুকে প্রচার চালাচ্ছেন তার সমর্থকরা।

এ ব্যাপারে জানতে চাইলে শাহ আলম বলেন, “আমি বিগত সময়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। যদি সব দিক বিবেচনায় নিয়ে দল আবার আমাকে চেয়ারম্যান পদের জন্য যোগ্য মনে করেন, তাহলে আমি সেই দায়িত্ব পালন করব।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি প্রচার হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের নাম।

খান সাইফুল্লাহ পনির বলেন, “আমাদের রাজনৈতিক অভিভাবক আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। জেলার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা তার নির্দেশের অপেক্ষায় থাকি।

“আমার প্রার্থী হওয়ার বিষয়টি দলীয় সীদ্ধান্তের ওপর নির্ভর কবরে। দল চাইলে আমি প্রার্থী হতে পারি।”

জেলা পরিষদের সদ্যবিদায়ী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ফায়জুর রব আজাদ দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তিনি এ ব্যাপারে দলীয় সভাপতির কাছে চিঠিও দিয়েছেন বলে তার সমর্থকরা জানিয়েছেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

জেলা পরিষদ ভোট: মাঠে রাজশাহী আওয়ামী লীগের নেতারা