লঘুচাপ: বাগেরহাটে বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত
মাছ ধরতে যাওয়ার ফিশিং ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও জোয়ারের চাপের সঙ্গে ভারী বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়েছে বাগেরহাটের বেশ কিছু নিচু এলাকা।
মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে চলা বৃষ্টিপাতে শহরের খানজাহান আলী সড়ক, রাহাতের মোড়, বাসাবাটি, মেইনরোডের প্রধান ডাকঘর সড়কসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অন্যদিকে কৃষি কর্মকর্তরা বলছেন, এই বৃষ্টিতে উপকার হচ্ছে রোপা আমনের।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এই জেলার প্রধান প্রধান নদনদীতে জোয়ারের পানির চাপ বেড়েছে।
“অমাবশ্যা ও পূর্ণিমা তিথিতে ভৈরব, পানগুছি, বলেশ্বর ও পশুর নদে পানির চাপ বেশি থাকে। তবে এতে জেলার কোনো বাঁধ ঝুঁকিতে নেই।”
এদিকে বৈরি আবহাওয়ার কারণে সাগর ও নদীতে মাছ ধরতে যাওয়ার ফিশিং ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, “বাগেরহাট পৌরসভা ভৈরব নদের পাশে অবস্থিত। পূর্ণিমা ও অমাবশ্যায় এই নদীতে পানির চাপ বাড়ে। এ কারণে কখনো কখনো পানি নিষ্কাশনের গেটগুলো উপচে কিছু পানি শহরে প্রবেশ করে। তবে জোয়ারের পানি নেমে গেলে আবার স্বাভাবিক হয়ে যায়।”
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন বলেন, “মোংলা বন্দরে বর্তমানে পাঁচটি দেশি বিদেশি জাহাজ অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেতের মধ্যে সাবধানতা অবলম্বন করে পণ্য খালাসের কাজ চলছে।”
বাগেরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক মো. আজিজুর রহমান বলেন, “জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত কৃষক বীজতলা তৈরি করে থাকে। এ বছর বৃষ্টিপাত প্রয়োজনের তুলনায় কম হওয়ায় কারণে কৃষক সময়মত বীজতলা তৈরি করতে পারেনি।
“তবে চলতি শ্রাবণ মাসে প্রতিদিনই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এতে চলতি রোপা আমনের ক্ষেতের দারুণ উপকার হচ্ছে।”
বাহেরহাটে চলতি মৌসুমে ৭৪ হাজার ৪২৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান এ কৃষি কর্মকর্তা।
