কক্সবাজার পৌর নির্বাচন: কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন
পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন।
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট দিতে অপেক্ষা করছেন। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক ওরফে রাশেদের মধ্যে।
ভোটের মাঠে থাকা পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে অপর তিনজন হলেন, জগদীশ বড়ুয়া (হেলমেট প্রতীক), জোসনা হক (মোবাইল ফোন প্রতীক) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা প্রতীক)।
এর মধ্যে জোসনা হক নারিকেল গাছ প্রতীকের মাসেদুল হক রাশেদের স্ত্রী এবং তিনি শুরু থেকে স্বামীর পক্ষেই প্রচার চালিয়েছেন।
বিভিন্ন ওয়ার্ডের ভোটাররা জানান, এখনই বলা যাচ্ছে না কে পৌরসভার মেয়র নির্বাচিত হবেন। কারণ বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিলেও তারা দুইভাবে বিভক্ত হয়েছে। জামায়াত নৌকার প্রার্থী মাহাবুবুর রহমানের পক্ষে আর বিএনপির সমর্থকরা নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মাসেদুল হক রাশেদের পক্ষে।
এ ছাড়া আওয়ামী লীগের কিছু নেতাকর্মী প্রকাশ্য ও গোপনে নারিকেল গাছের পক্ষে মাঠে নামায় নৌকার সমর্থক ভোটারদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
তাই এখনও আগেভাগে স্পষ্ট বলা যাচ্ছে না কে বসতে যাচ্ছেন পৌর পিতার আসনে।
এদিকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে তিনজন বিচারিক হাকিম দায়িত্বে থাকবেন। থাকবে ৭ প্লাটুন বিজিবি, ১২টি র্যাব টিম ও ৭৯০ জন পুলিশ সদস্য।
এ ছাড়া ৪৩টি ভোটকেন্দ্রে ২৪৫টি কক্ষ রয়েছে। প্রতিটি কেন্দ্র ও কক্ষ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছেন তিনি ।
রিটার্নিং কর্মকর্তা শাহাদাত বলেন, “যেহেতু ইভিএমে ভোটগ্রহণ চলবে তাই প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের বলা আছে, নির্বাচন শেষ হলে কেন্দ্রেই যেন ফলাফল প্রকাশ করা হয়।
“বিগত দিনেও কক্সবাজারে ইভিএমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে, এবারও একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো বলে মনে করি।”
পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন।
