নেত্রকোণায় অটোরিকশা উল্টে নারীর মৃত্যু
চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
নেত্রকোণার পূর্বধলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরেক যাত্রী।
পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত মোছা. খালেদা বেগম (৪৫) নেত্রকোণা সদর উপজেলার পারলা গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী। একই উপজেলার দেওপুর গ্রামের মো. মিস্টার মিয়াকে আহত অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণায় যাচ্ছিল। ভবের বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে গুরুতর আহত হন দুই যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
