২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরী অপহরণ’, হবিগঞ্জে যুবক গ্রেপ্তার

র‌্যাব জানায়, ওই যুবক ১০ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে কারাগারে ছিলেন।

‘ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরী অপহরণ’, হবিগঞ্জে যুবক গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার বোরহান উদ্দিন

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2023, 11:11 PM

Updated : 18 Feb 2023, 11:11 PM

ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরীকে অপহরণের অভিযোগে হবিগঞ্জ থেকে  এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

শনিবার বিকালে র‍্যাব ৯ এর গণমাধ্যম কর্মকর্তা সিনিয়র এসএসপি আফসান-আল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

গ্রেপ্তার বোরহান উদ্দিন (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভাটামাথা এলাকার বাসিন্দা রফিক মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাজীপাড়া এলাকা থেকে অটোরিকশায় স্থানীয় কাউতলি যাচ্ছিল ১৫ বছর বয়সী ওই কিশোরী। পথে অটোরিকশাটি থামিয়ে বোরহান উদ্দিন ও তার সহযোগীরা অস্ত্রের মুখে কিশোরীটিকে অপহরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশের পাশপাশি র‍্যাব ৯ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় অপহরণের সঙ্গে জড়িত বোরহানের অবস্থান শনাক্ত করা হয়। র‍্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ফাঁড়ির একটি দল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে বোরহানকে গ্রেপ্তার করে। এ সময় কিশোরীটিকেও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, বোরহান উদ্দিন বিবাহিত ও তিন সন্তানের বাবা। এর আগে তিনি ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও অপহরণের দায়ে কারাগারে ছিলেন। ওই ঘটনায় ১১ মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়েই ব্রাহ্মণবাড়িয়ার এ ঘটনা ঘটান।

গ্রেপ্তারের পর বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব ৯ বিজ্ঞপ্তিতে জানায়।