নেত্রকোণায় হামলায় কৃষক নিহত
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ষাটোর্ধ্ব বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
নেত্রকোণার মদনে পূর্বশত্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন; আহত রয়েছেন আরও চার জন।
মঙ্গলবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজাত মিয়া (৩২) মাখনা গ্রামের মানিক মিয়ার ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতদের মধ্যে মানিক মিয়া (৬০) নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।
রহমত আলী ও সুজাতকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আব্দুল মজিদকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাতে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, মাখনা গ্রামের সাজাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোনের স্বামী। কিছুদিন আগে সাজাত মিয়ার হাঁস নিয়ে যায় শ্যালক কবির হোসেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে মামলা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।
ওসি বলেন, মঙ্গলবার সকালে সাজাত মিয়া বাড়ির সামনের হাওরে তার হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসেছিলেন। এ সময় শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গে সাজাদ মিয়ার কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে কয়েকজন লোক দেশীয় অস্ত্র নিয়ে সাজাদ মিয়ার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন।”
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সাজাতকে মৃত ঘোষণা করেন।
ওসি তাওহীদুর রহমান আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
