২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে একরাতেই পেঁয়াজের দাম বেড়েছে ৮০ টাকা

পেঁয়াজ বিক্রেতা আব্দুস সালাম বলেন, হঠাৎ করেই আমদানি বন্ধের খবর চাহিদা অনেক বেড়েছে। তাই, কিছুটা বেশি দামেই পেঁয়াজ বিক্রি করছি।

ময়মনসিংহে একরাতেই পেঁয়াজের দাম বেড়েছে ৮০ টাকা

ময়মনসিংহের বাজারে পেঁয়াজের সংকট না থাকলেও বিক্রেতারা দাম রাখছেন ইচ্ছেমত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2023, 03:16 PM

Updated : 09 Dec 2023, 03:16 PM

আমদানি বন্ধের খবরে ময়মনসিংহের পেঁয়াজের বাজারে চরম বিশৃঙ্খলা শুরু হয়েছে। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি অন্তত ৭০ থেকে ৮০ টাকা। বাজারে এমন ‘হরিলুট’ চললেও তা দেখার যেন কেউ নেই বলে অভিযোগ ক্রেতাদের।

শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়া বাজারে ঘুরে দেখা গেছে- বাজারে দোকান গুলোয় পর্যাপ্ত পেঁয়াজ থাকলেও দাম যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনো ব্যবসায়ী ১৬০ টাকা, কেউ ১৭০ টাকা-১৮০ টাকা আবার কোনো ব্যবসায়ী ১৯০ টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রি করছেন।

ওই বাজারের পেঁয়াজ বিক্রেতা আব্দুস সালাম বলেন, হঠাৎ করেই পেঁয়াজ আমদানি বন্ধের খবর চাহিদা অনেক বেড়েছে। তাই, কিছুটা বেশি দামেই পেঁয়াজ বিক্রি করছি।

তিনি বলেন, দেশি পেঁয়াজ ১৯০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৮০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।

ময়মনসিংহ শহরের বাসিন্দা প্রাঞ্জিত সরকার পেশায় ব্যবসায়ী। এসেছেন বাজার করতে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সপ্তাহে ৯০ টাকা কেজি দামে পেঁয়াজ কিনেছি। এখন বাজারে এসে দেখি পেঁয়াজ ১৮০ টাকা কেজি। মনে হচ্ছে, বাজারে যেন হরিলুট শুরু হয়েছে। দেখার যেন কেউ নেই।”

নগরীর কাঠগোলা থেকে বাজার করতে এসেছেন রুমানা আক্তার। তাঁর স্বামী রফিকুল ইসলাম বেসরকারি চাকরি করেন।

তিনি বলেন, “কাঁচা বাজার ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এক মাসের একসাথে ক্রয় করি। বাজারে এসে শুনি পেঁয়াজের দাম কেজিতে ৭০ থেকে ৮০ টাকা বেড়েছে। কেন দাম বেড়েছে জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন, গতকাল থেকে ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ। তাই, দাম বেড়েছে।

আমি এমনিতে এক সাথে পাঁচ কেজি করে পেঁয়াজ কিনি। দাম বাড়ার খবর তো আমার জানা ছিল না। এখন দুই কেজি কিনব ভাবছি। স্বামী যত টাকা বেতন পায়, তাতে টেনে-টুনে সংসার চলে। বাজার করতে আসলে দাম শুনে নীরবে কান্না আসে। আমাদের মতো মানুষের কথা চিন্তা করার লোক এই দেশে নেই।”

ওই বাজারের আরেক ব্যবসায়ী নুরানী তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “টিভিতে গতকাল (শুক্রবার) রাতে খবর দেখলাম ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে। সকালে বাজারে এসে দেখি পেঁয়াজের দাম কেজি ৭০ থেকে ৮০ টাকা করে বেড়ে গেছে। ”

বাজার করতে আসা আশরাফ খান বাহাদুর বলেন, “আমি সবসময় ৫ কেজি করে পেঁয়াজ কিনতাম। দাম বাড়ায় দুই কেজি ১৭০ টাকা কেজি দামে কিনেছি। যারা বাজার দেখবে তারা তো বসে আছে। আমরা সাধারণ জনগণ কি বলব।”

এদিকে পেঁয়াজের পাশাপাশি বাজারের অন্য সব পণ্যের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

Image

পেঁয়াজের পাশাপাশি বেড়েছে সবজির দামও।

একই বাজারের সবজি বিক্রেতা জসিম মিয়া বলেন, গত দুই দিনের বৃষ্টিতে সবজির ক্ষতি হয়েছে এবং আমদানিও কম। তাই, সব প্রকার সবজিতে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

মেসার্স হৃদয় ট্রেডার্সের ডিম বিক্রেতা সাকিব হাসান বলেন, “দেশি মুরগির ডিম হালিতে ১০ টাকা করে বেড়েছে। দেশি মুরগির ডিম ৮০ টাকা হালি ও হাঁসের ডিম ১৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।”

মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১৫ টাকা বেড়ে ১৯০ টাকা, সোনালি মুরগি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে ৩০০ টাকা। দেশি মুরগি ৫০ টাকা বেড়ে ৫০০ টাকা, সাদা কক ২০ টাকা বেড়ে ২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখতে না পাওয়ার অভিযোগ করলেও ভোক্তা অধিকার বলছে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। 

ময়মনসিংহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক বলেন, “হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।”