২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমানা পিলার নিয়ে প্রতারণা, নারী গ্রেপ্তার

পুলিশ জানায়, ওই নারী ‘নকল সীমানা পিলারে’ চুম্বক জাতীয় মূল্যবান বস্তুর প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

সীমানা পিলার নিয়ে প্রতারণা, নারী গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার বেলী বেগম

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2022, 08:17 PM

Updated : 27 Nov 2022, 08:17 PM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সীমানা পিলার নিয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে কচাকাটা থানার পরিদর্শক গোলাম মর্তূজা জানান। 

গ্রেপ্তার বেলী বেগম উপজেলার গোলেরহাট এলাকার নজরুল ইসলামের স্ত্রী।  

স্থানীয়দের বরাতে গোলাম মর্তূজা জানান, বেলী বেগম তার কয়েকজন সহযোগীকে নিয়ে ‘নকল সীমানা পিলারে’ চুম্বক জাতীয় মূল্যবান বস্তুর প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এমনি একটি পিলার দেখিয়ে চট্টগ্রামের মীরসরাই এলাকার আলী আশরাফ নয়ন নামের এক ব্যক্তিকে কুড়িগ্রামে ডেকে নেন। 

থানা পরিদর্শক আরও জানান, শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নয়নকে নাগেশ্বরীর শতিপুর গ্রামে বেলী বেগমের বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। 

সেখানে নকল পিলারটি দেখানোর আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।

এক পর্যায়ে নয়নের মোবাইল ফোন, দুই হাজার টাকা এবং কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেন বেলী বেগম ও তার সহযোগীরা। আরো টাকার জন্য তারা নয়নকে মারধর করতে থাকেন। 

এ সময় হট্টগোলে এলাকাবাসী এগিয়ে গেলে বেলী বেগম ও তার সহযোগীরা পালিয়ে যান। 

পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বেলী বেগমকে আটক করে। 

এ সময় নকল সীমানা পিলার, পিলার পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্র, স্কচটেপ, ছুরি, খেলনা পিস্তল, তিনটি ব্যাগসহ প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু উপকরণ জব্দ করে পুলিশ। 

ওই রাতেই আলী আশরাফ নয়ন বাদী হয়ে বেলী বেগম, আপেল মিয়াসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেন। 

এ কাজে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান কচাকাটা থানার পরিদর্শক গোলাম মর্তূজা।