কুমিল্লায় মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা
দাউদকান্দি থানায় রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে ৮ থেকে ৯টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। যিনি একাধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দাউদকান্দি মডেল থানার ওসি মো. মোজাম্মেল হক জানান।
নিহত রুহুল আমিন মোল্লা (৪৫) ওই উপজেলার জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে।
ওসি মোজাম্মেল বলেন, রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে থানায় ৮ থেকে ৯টি মাদক মামলা রয়েছে। রাতে ওই গ্রামের রাস্তার পাশে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, “রুহুল আমিনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।”
বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
