২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রলীগ নেতার ‘২ গাভি চুরি’

ছাত্রলীগ নেতা বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরেরা তিনটি গাভি নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 07:13 PM

Updated : 04 Mar 2023, 07:13 PM

বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্রলীগ নেতার দুটি গাভি চুরির খবর পাওয়া গেছে।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে মাহিলারা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এইচএম মাসুদ রানা সোহাগের বাড়ির গোয়াল ঘর থেকে গাভি দুটি চুরি হয়।

“বিষয়টি সোহাগ ফোনের মাধ্যমে জানিয়েছেন। তবে তিনি এখনও লিখিত অভিযোগ দেননি।”

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান উপজেলার ভীমেরপাড় এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা মাসুদ রানা সোহাগ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসতঘরের পাশে গোয়াল ঘরে তিনটি গাভি বাঁধা ছিল। ঘটনার পর সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে দুই চোর প্রথমে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকবার আসা-যাওয়া করে। তারপর রাত আড়াইটার দিকে একটি সাদা রংয়ের পিকআপ এসে প্রবেশ করে। পিকআপটিকে গরু নিয়ে রাত পৌনে ৪টার দিকে বের হয়ে যেতে দেখা যায় ফুটেজে।

সোহাগ আরও জানান, চোর তাদের ভবনের সামনের ও পেছনের দরজা বাহির থেকে আটকে দিয়ে গোয়াল ঘরে থাকা তিনটি গাভি নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু একটি গাভি তারা নিতে পারেনি। চুরি হওয়া দুটির মধ্যে একটি গাভি গর্ভবতী।