গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু
পোল্ট্রি ব্যবসার পাশাপাশি উৎপাদিত ডিম ভ্যানগাড়ি দিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতেন তিনি।
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত ভ্যানগাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পোল্ট্রি ব্যবসায়ী নিহত হয়েছে।
রোববার ভোরে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটার কথা জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।
নিহত তোফাজ্জল হোসেন (৩৪) ওই এলাকার রমজান আলীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, তোফাজ্জল হোসেন পোল্ট্রি ব্যবসার পাশাপাশি উৎপাদিত ডিম একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি দিয়ে নিজেই বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। শনিবার রাতে ভ্যানগাড়িটি তিনি ঘরের পাশে রেখে বৈদ্যুতিক চার্জ দিচ্ছিলেন।
“ভোর পৌনে ৪টার দিকে তোফাজ্জল হঠাৎ ভ্যানগাড়িতে আগুন দেখতে পান। এ সময় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।”
স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা ইয়াসমিন জানান, মৃত অবস্থায় ভোর রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
